চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধের আবহেই এক অনন্য প্রেমের গল্প রচিত হলো ইরান ও যুক্তরাষ্ট্রের দুই নাগরিকের মধ্যে। ইরানি ক্লাব এস্তেগলালের নারী দলের হয়ে খেলতে আসা মার্কিন বাস্কেটবল খেলোয়াড় চিয়াহ রায়েল-হুইটসিট ইসলাম ধর্ম গ্রহণ করে এক ইরানি তরুণকে বিয়ে করেছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ এই তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির।
সোমবার (৮ জুন) মিশিগানের ২৮ বছর বয়সি এই ফরোয়ার্ড এস্তেগলাল নারী বাস্কেটবল দলের মৌসুম শেষের এক অনুষ্ঠানে নিজের বিয়ের খবরটি নিশ্চিত করেন। প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পিঁড়িতে বসার আগেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
নারীদের বাস্কেটবল প্রোগ্রাম পুনরায় চালু করার পর ২০২৫ সালে তেহরানভিত্তিক ক্লাব এস্তেগলাল বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে দলে ভেড়ায়। চিয়াহ রায়েল-হুইটসিট ছিলেন তাদেরই একজন। প্রতিযোগিতায় ফেরার প্রথম মৌসুমেই চিয়াহর দুর্দান্ত পারফরম্যান্সে ইরানি নারী বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে এস্তেগলাল।
ইরানে আসার আগে টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই খেলোয়াড় আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, কসোভো এবং পুয়ের্তো রিকোর পেশাদার লিগে খেলেছেন। এরপর ২০২৫ সালে এস্তেগলালের সাথে চুক্তিবদ্ধ হয়ে তিনি ইরানে আসেন।
গত কয়েক মাস ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনা এবং সাম্প্রতিক সংঘাতের পটভূমিতেই চিয়াহর এই ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় উন্মোচিত হলো। ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পবিত্র রমজান মাসের সঙ্গে মিলে যাওয়া সাম্প্রতিক যুদ্ধকালীন পরিস্থিতির পুরোটা সময়ই এই মার্কিন অ্যাথলেট ইরানে অবস্থান করছিলেন।