কাতারে বসবাসরত প্রবাসী ও কাতারি মায়েদের সন্তানদের জন্য দেশটির সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার এবং স্থায়ীভাবে বসবাসের এক অভাবনীয় সুযোগ তৈরি হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঐতিহাসিক ঘোষণায় জানিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে অ-কাতারি বাসিন্দা (প্রবাসী) এবং কাতারি মায়েদের সন্তানরা এখন থেকে জাতীয় সেবা কর্মসূচিতে (ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম) যোগ দিতে পারবেন।
মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয়টি এই নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করে।
আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে?
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচিতে অংশ নিতে হলে আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:
-
জন্মস্থান ও বয়স: আবেদনকারীকে অবশ্যই কাতারে জন্মগ্রহণ করতে হবে এবং বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
-
চরিত্র ও অপরাধের রেকর্ড: প্রার্থীকে সচ্চরিত্র ও সুনামের অধিকারী হতে হবে। অসততা বা বিশ্বাসভঙ্গের মতো কোনো অপরাধের রেকর্ড থাকা যাবে না। এছাড়া পূর্বে কোনো চাকরি থেকে বরখাস্ত হওয়ার ইতিহাস থাকা চলবে না।
-
শারীরিক যোগ্যতা: শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে এবং ভর্তি সাক্ষাৎকারে সফলভাবে উত্তীর্ণ হতে হবে।
-
বৈধতা: আবেদনকারীর কাতারে থাকার জন্য একটি বৈধ রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতিপত্র (কাতার আইডি) থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
এই কর্মসূচিতে যারা যোগ দেবেন, তারা বেশ কিছু আকর্ষণীয় ও দীর্ঘমেয়াদী সুবিধা পাবেন:
-
মেয়াদ ও ভাতা: এই সেবার মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। কর্মসূচিকালীন প্রতি মাসে সর্বোচ্চ ৭,০০০ কাতারি রিয়াল পর্যন্ত আর্থিক প্রণোদনা বা ভাতা দেওয়া হবে।
-
চাকরির অগ্রাধিকার: এই সেবা সফলভাবে শেষ করার পর অংশগ্রহণকারীরা কাতার সশস্ত্র বাহিনীতে স্থায়ীভাবে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
-
স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ: সেবা সম্পন্ন করার পর কাতারের স্থায়ী বসবাসের অনুমতি (পার্মানেন্ট রেসিডেন্সি) পাওয়ার ক্ষেত্রেও প্রবাসীরা অগ্রাধিকার পাবেন।
কীভাবে আবেদন করবেন?
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 'নিয়োগ' (রিক্রুটমেন্ট) অপশনটি বেছে নিয়ে ফরম পূরণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
-
কাতার আইডি কার্ডের অনুলিপি।
-
একটি বৈধ পাসপোর্টের অনুলিপি।
-
কাতারে জন্মগ্রহণকারীদের জন্য জন্ম সনদের অনুলিপি।
-
কাতারি মায়েদের সন্তানদের জন্য অতিরিক্ত হিসেবে মায়ের পাসপোর্ট ও জন্ম সনদের অনুলিপি।