আফ্রিকা মহাদেশকে কাতারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান কৌশলগত অংশীদার হিসেবে বর্ণনা করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী পদমর্যাদার মন্ত্রী ড. হামাদ বিন আব্দুল আজিজ আল কাওয়ারি।
কাতারের রাজধানী দোহায় জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত ‘আফ্রিকা দিবস’-এর এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই উপপ্রধানমন্ত্রী পদমর্যাদার মন্ত্রী কূটনীতি, বাণিজ্য, শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে কাতার ও আফ্রিকা মহাদেশের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন।
বর্তমানে কাতার জাতীয় লাইব্রেরির সভাপতির দায়িত্বে থাকা ড. আল কাওয়ারি অতীতে জাতিসংঘে তাঁর দায়িত্ব পালন এবং ইউনেস্কোর দিনগুলোর কথা স্মরণ করেন। একই সাথে আফ্রিকার সমৃদ্ধ সংস্কৃতি ও বিপুল সম্ভাবনার প্রতি নিজের মুগ্ধতার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে কাতারের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কাতারে বসবাসরত আফ্রিকান কমিউনিটির শীর্ষ নেতারা অংশ নেন।
সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের সাথে কাতারের কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের পরিধি আরও বিস্তৃত হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।