যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতির বিষয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৃহস্পতিবার গভীর রাতে এক ফোনালাপে দুই নেতা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা হ্রাসের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কাতারসহ অন্যান্য বন্ধুভাবাপন্ন দেশগুলোর মধ্যস্থতা ও সমর্থনে এই আলোচনায় যেসব সমঝোতা তৈরি হয়েছে, তা সংশ্লিষ্ট সব পক্ষ ইতিমধ্যে অনুমোদন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
ফোনালাপে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই সংলাপ এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির চলমান প্রচেষ্টাকে স্বাগত জানান।
একই সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষা, স্থিতিশীলতা বজায় রাখা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পারস্পরিক শান্তি ও সহযোগিতা প্রসারে কাতার তার সর্বাত্মক সমর্থন ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে পুনর্ব্যক্ত করেন শেখ তামিম।
দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ মধ্যস্থতাকারী হিসেবে কাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দুই নেতার এই ফোনালাপের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতির আভাস মিলছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।