মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নিরাপত্তা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছে কাতারি নিরাপত্তা বাহিনী। টুর্নামেন্টের জন্য নির্ধারিত আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর অধীনে কাজ করতে ইতিমধ্যেই তারা আয়োজক দেশগুলোতে এসে পৌঁছেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপের মতো বৈশ্বিক ও মেগা ক্রীড়া ইভেন্টের নিরাপত্তা ব্যবস্থাপনায় কাতারি নিরাপত্তা কর্মীদের যোগ্যতা এবং তাদের উন্নত দক্ষতার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থারই প্রতিফলন এই অংশগ্রহণ। ২০২২ সালে সফলভাবে কাতার বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের নিরাপত্তা রক্ষায় যে আন্তর্জাতিক অবস্থান তৈরি হয়েছে, তা এই পদক্ষেপের মাধ্যমে আরও সুদৃঢ় হলো।
এই বিশেষ নিরাপত্তা বাহিনী উত্তর আমেরিকার আয়োজক দেশগুলোর স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সাথে সরাসরি সমন্বয় করে কাজ করবে। পুরো টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড ও আধুনিক পদ্ধতি অনুসরণ করে বিশ্বজুড়ে আসা ফুটবল ভক্ত ও দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই এই বাহিনীর মূল লক্ষ্য।